ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মাদাম তুসো থেকে সরানো হল হ্যারি-মেগানকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ১১ জানুয়ারি ২০২০
মাদাম তুসো থেকে সরানো হল হ্যারি-মেগানকে
ফাইল ছবি

লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম থেকে প্রিন্স হ্যারি এবং মেগান মারকেলের মোমের মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। তবে মূর্তি দুটি মিউজিয়ামের অন্য কোথাও বসানো হবে বলে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ব্রিটেনের রাজ পরিবারের ‘সিনিয়র’ সদস্যের খেতাব ছেড়ে দেয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই দুজনের মূর্তি সরানো হল।

বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিন্স হ্যারি ও মেগান ঘোষণা করেন, এখন থেকে ‘সিনিয়র রয়্যালস’ এর খেতাব তারা আর ব্যবহার করবেন না। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবেন।

এই বেদনাদায়ক ঘোষণায় হ্যারি-মেগান বলেন, এবার থেকে ব্রিটেন এবং উত্তর আমেরিকা দুই জায়গাতেই ভাগ করে থাকবেন এবং রাজপরিবারের আর্থিক সুযোগ-সুবিধা ছেড়ে সাধারণ মানুষের মতো উপার্জনের চেষ্টা চালাবেন তারা।

এক বিবৃতিতে মেগান জানান, ব্রিটেন এবং উত্তর আমেরিকা দুই ভৌগোলিক অবস্থানে আমাদের ছেলে আর্চি বেড়ে উঠলে একই সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য এবং সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে তার ধারণা জন্মাবে।

কোনোরকম পূর্ব আলোচনা ছাড়াই হ্যারি-মেগানের এই ঘোষণায় বিপাকে পড়েছে ব্রিটিশ রাজপরিবার। শুক্রবার রাজপরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হ্যারি-মেগান এই সিদ্ধান্ত ঘোষণার আগে রাজপরিবারের কোনো সদস্যের সঙ্গে আলোচনা করেননি। এমনকি ইনস্টাগ্রামে ওই সিদ্ধান্ত পোস্ট করার ঠিক দশ মিনিট আগে চার্লস, হ্যারির দাদা, রাজকুমার উইলিয়াম এই ঘোষণার কাগজপত্র হাতে পান।

হ্যারি-মেগানের এমন ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিটেনে। রাজপরিবারের এই পরিবার এখন থেকে কীভাবে জীবনযাপন করবেন সে বিষয়ে নানা প্রশ্ন উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!